ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিও প্রদর্শন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুটিজানা ময়না বাজারে স্থানীয় সরকার বিভাগের ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন, বিচারপ্রক্রিয়া ও সাধারণ মানুষের জন্য এর সুবিধাসমূহ সম্পর্কে ধারণা দেন উপজেলা সমন্বয়কারী মোছাম্মদ মঞ্জুয়ারা এবং বাদশা শাহজাহান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আইন উদ্দিন। তিনি বলেন, গ্রাম আদালতে সামাজিক সমস্যা ও বিরোধ স্বল্প সময়ে এবং বিনা খরচে সমাধান করা সম্ভব। এর মাধ্যমে সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। এ সময় পুটিজানা ইউনিয়ন পরিষদের সদস্য এটিএম গোলাম মোস্তফা, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন মঞ্জু ও মোবারক হোসেন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :