সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের তিনি অভিভাবক নন, বরং সহকর্মী। সবাই একটি টিম হিসেবে কাজ করছেন এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবেন। তিনি আরোও জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বর্তমানে বরাদ্দ রয়েছে ৮ কোটি টাকা।
এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। চলতি বছর পুরো অর্থ দেওয়া সম্ভব না হলেও আগামী বছর তা দেওয়ার প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী। ভারতের বিভিন্ন গণমাধ্যম ও ইউটিউবারদের বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। গণমাধ্যম নিজ নিজ দেশের আইন ও বিধিবিধান মেনে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবে এটাই প্রত্যাশা সরকারের বলেও জানান তিনি।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামালপুর-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সাংসদ ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-২ আসনের সাংসদ সুলতান মাহমুদ বাবু ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন :