মাদক ও জুয়া নির্মূলের অঙ্গীকার: ফুলবাড়ীয়ায় বিএনপি নেতা শমসের আলীর ক্রীড়া সামগ্রী ও বৃক্ষ বিতরণ

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৮ পিএম

মাদক ও জুয়া নির্মূলের অঙ্গীকার: ফুলবাড়ীয়ায় বিএনপি নেতা শমসের আলীর ক্রীড়া সামগ্রী ও বৃক্ষ বিতরণ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তরুণ ও যুবসমাজকে অন্যায়ের পথ থেকে বিরত রাখতে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী। বুধবার বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের ভালুকজান ফায়ার সার্ভিস এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম শমসের আলী বলেন, আগামীতে পৌরসভার মেয়র পদে নির্বাচিত হলে যেকোনো মূল্যে মাদক ও অনলাইন জুয়া নির্মূল করা হবে। তিনি অভিযোগ করেন, বর্তমানে পৌরসভা জনপ্রতিনিধিত্বহীন হওয়ায় নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে মেয়র পদে নির্বাচিত করলে পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

পৌরসভার সাবেক কমিশনার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, বিএনপি নেতা শাহাদাত হোসেন খান, কবির হোসেন, এমদাদুল হক, আবু তাহের সরকার, ফারুক হোসেন খান ও শফিকুল ইসলাম খানসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে একতা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল ও দাবার সরঞ্জাম প্রদান করেন এ কে এম শমসের আলী। এছাড়া সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

Link copied!