জামালপুরে জমির প্রকৃত মালিকদের ওপর হামলা, পায়ের রগ কেটে দেওয়া, মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের একটি মিডিয়া সেন্টারে সরিষাবাড়ীর কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেনসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন জানান, সরিষাবাড়ীর কৃষ্ণপুর মৌজার বিআরএস ১১০ নম্বর খতিয়ানের ৬৩ শতাংশ জমি ১৯৪২ সাল থেকে তাদের নামে রেকর্ডভুক্ত ও ভোগদখলে ছিল। ২০২০ সালে তৎকালীন সরকারের আমলে শফিকুল ইসলাম গং আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নিয়ে জমিটি জোরপূর্বক দখল করে নেয়। পরবর্তীতে কৌশলে একতরফা ডিগ্রি নিলে ভুক্তভোগীরা সুপ্রিম কোর্টে রিট (রিট নং-৫৩৩৮/২০২৬) করেন। আদালত ওই ডিগ্রির ওপর স্থগিতাদেশ প্রদান করেন।
তিনি আরও জানান, সম্প্রতি জমিতে গেলে তার ভাতিজা আসাদুলের ডান পায়ের রগ কেটে দেওয়া হয় এবং তিনিও গুরুতর আহত হন। আসাদুল বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাদ্দাম হোসেন অভিযোগ করেন, শফিকুল গংরা নিজেদের ঘরবাড়িতে নিজেরাই আগুন দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মানববন্ধন করে অপপ্রচার চালাচ্ছে। তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :