ময়মনসিংহ মেডিকেলে আগুন, মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৮ এএম

ময়মনসিংহ মেডিকেলে আগুন, মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য

ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। তাদের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবার নিশ্চিত করেছে। অপর দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হন। এরপর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

হাসপাতাল পরিদর্শন করে রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির ও ময়মনসিংহ–৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিভাগীয় কমিশনার বলেন, ‘পদদলিত হয়ে ছয়জন মারা গেছেন—এমন কোনো তথ্য-প্রমাণ আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা ফায়ার সার্ভিস, জরুরি বিভাগের চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের সঙ্গে কথা বলেছি। তাদের রেজিস্টারও যাচাই করেছি। পদদলিত হয়ে মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

এ সময় ছয়জন পদদলিত হয়ে মারা গেছেন বলে কয়েকটি সূত্র থেকে জানা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, হাসপাতালে প্রতিদিন কিছু রোগী মারা যায়। এই মৃত্যুগুলো তেমনই।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন অবশ্য বলেছেন, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

হাসপাতাল সূত্রে এদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। এরা হলেন নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং তারাকান্দার কুলসুমা (৩৫)। এ ছাড়া এক বছর  বয়সী শিশুর মৃত্যু হলেও পরিচয় মেলেনি।

সিয়াম সরিষা
Link copied!