ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কুরতুবী মাদরাসার কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পালকী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চলতি শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং নাযেরা ও হিফজ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বক্তৃতা ও সংগীত পরিবেশন করেন। কুরতুবী শিক্ষা পরিবারের চেয়ারম্যান হারুন অর রশীদ খানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ মহব্বত আলী কলেজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল জলিল।
প্রধান শিক্ষক মোছাম্মদ হাফসা খাতুন বলেন, এই প্রতিষ্ঠানে মুখস্থ শিক্ষার পাশাপাশি আদর্শিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শৃঙ্খলাবদ্ধ পাঠদান করা হয়। সভাপতির বক্তব্যে হারুন অর রশীদ খান বলেন, শিক্ষার্থীরা যাতে সম্মানজনক অবস্থানে থেকে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পারে, সেই লক্ষ্য নিয়েই কুরতুবী মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুরতুবী শিক্ষা পরিবারের সদস্য সচিব রেজাউল করিম,
বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, হাজী ছাবেদ প্লাজা মার্কেটের সভাপতি নাছির উদ্দীন, কুরতুবী মাদরাসা ফুলবাড়ীয়া শাখার কো-অর্ডিনেটর আশরাফুল ইসলাম ও ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির মুক্তাগাছা শাখার পরিচালক নজরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা ফটোসেশনে অংশ নেন।

আপনার মতামত লিখুন :