যুব উন্নয়নে ১৮০ কোটি টাকা হরিলুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ এএম

যুব উন্নয়নে ১৮০ কোটি টাকা হরিলুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ফাইল ফটো

বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’র আওতায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেকর্ডের সত্যায়িত অনুলিপি চেয়েছে দুদক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়েছে। দুদকের উপপরিচালক রনজিৎ কুমার কর্মকার স্বাক্ষরিত ওই চিঠিতে ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক (ডিডি) ফারজানা পারভীনসহ মোট আটজনের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তাদের রক্ষা করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের ফাইল গোপন রাখে। 

অভিযোগ অনুযায়ী, ময়মনসিংহ জেলার গৌরীপুর, ত্রিশাল, হালুয়াঘাট ও ফুলবাড়ীয়া উপজেলায় বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের নামে বরাদ্দ করা প্রায় ১৮০ কোটি টাকা জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাত করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, বেনামি প্রশিক্ষক ও ভুয়া প্রশিক্ষণার্থীর নাম ব্যবহার করে বিল-ভাউচার প্রস্তুত করা হয়। পরে এসব কাগজপত্রের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকল্পের অর্থ ব্যয়ের হিসাব পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র চেয়েছে দুদক।

দুদকের চিঠিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সংক্রান্ত প্রকল্পের শুরু ও শেষের তারিখ, আবেদনকারী ও প্রশিক্ষণার্থীর সংখ্যা, প্রশিক্ষণ ক্লাসের বিস্তারিত সময়সূচি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সম্মানী বিতরণের মাস্টাররোল, প্রকল্পের ব্যাংক হিসাবের বিবরণী, ক্যাশবই, বরাদ্দপত্র এবং আইবাস++-এ ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের সত্যায়িত কপি সরবরাহ করতে বলা হয়েছে।

চিঠিতে এসব নথিপত্র নির্ধারিত সময়ের মধ্যে দুদকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অনুসন্ধান কার্যক্রম দ্রুত সম্পন্ন করার স্বার্থে বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষভাবে অনুরোধও জানানো হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!