শিবালয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোজাম্মেল হোসেন মোল্লা

বাদশা মিয়া , শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৬ পিএম

শিবালয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোজাম্মেল হোসেন মোল্লা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন শতরূপা মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত মো. মোজাম্মেল হোসেন মোল্লা। জানা গেছে, তিনি শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও তাদের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। তার এই গণসংযোগে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে।

শুধু নির্বাচনী গণসংযোগ নয়, তিনি দীর্ঘদিন ধরে শতরূপা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে শিবালয়ের অসহায়, হতদরিদ্র, বিধবা ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ কারণে তিনি শিবালয়ের সর্বস্তরের মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয়দের মতে, মোজাম্মেল হোসেন মোল্লা একজন সৎ, নির্লোভ ও মানবদরদী মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকেন। তাই এবারের নির্বাচনে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষ তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

এ বিষয়ে মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, ‘আমি শিবালয়ের সন্তান, শিবালয়ের মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আল্লাহ যদি কবুল করেন এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে শিবালয়কে একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। তিনি শিবালয়বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Link copied!