ফরিদপুরের মধুখালীতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ ইনামুল খন্দকার , মধুখালী (ফরিদপুর) জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩১ পিএম

ফরিদপুরের মধুখালীতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফরিদপুরের মধুখালী উপজেলার মধুমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কামারখালী ইউনিয়নের তিনটি ওয়ার্ডের বকশীপুর, জারজানগর ও গয়েশপুর এলাকার নদী তীরবর্তী বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা। শুক্রবার সকাল ১১টায় কামারখালী ইউনিয়ন পরিষদ চত্বরে তিনি নিজ হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বন্যাদুর্গতদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, সেক্রেটারি নওসের আলী চৌধুরী, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা সত্তার আলী মোল্লা এবং পৌর জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ।

সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মধুমতী নদীর পানি বৃদ্ধির কারণে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট আমরা উপলব্ধি করছি। সরকারের পক্ষ থেকে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। আপনারা নিজেদের অসহায় মনে করবেন না, মানবিক সহায়তা নিয়ে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। বন্যাকবলিত প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে এবং নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, এ পর্যন্ত ২৫০টি পরিবারের মাঝে ২০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে বন্যাকবলিত সকল পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

Link copied!