পাবনায় দেড় হাজার কোটি টাকার রেললাইনে চলে মাত্র একটি ট্রেন

আরিফ খান জয় , পাবনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ০৬:৩৬ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

দেশের বৃহত্তম রেল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পরও পাবনা রেল স্টেশন এখনও যথাযথভাবে সংযুক্ত হয়নি। সম্প্রতি নির্মিত এই স্টেশনটির জন্য দেড় হাজার কোটি টাকা ব্যয় করা হলেও, এখানে সারাদিনে একটি মাত্র ট্রেন চলাচল করে। কিন্তু বারবার শিডিউল পরিবর্তনের ফলে স্থানীয় জনসাধারণের জন্য এই ট্রেনের কার্যকারিতা হারিয়ে যাচ্ছে।

পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচলের সুবিধা না থাকায় হাজারো ভোগান্তি নিয়ে সাধারণ মানুষকে ভরসা রাখতে হচ্ছে সড়কপথে। এ কারণে সড়ক পরিবহন সেক্টরে জিম্মি হয়ে পড়েছে জেলা বাসীরা। একদিকে হাজার কোটি টাকা খরচের স্টেশন, অন্যদিকে সেই স্টেশনের মানুষগুলো ঠাঁই নিচ্ছে বাসে।

পাবনার মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত ৭৯ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। ২০১৮ থেকে শুরু হয় মাঝগ্রাম-পাবনা অংশের পর্যটন ট্রায়াল। এই রেলে বর্তমানে মাত্র ১টি ট্রেন চলছে ঢালারচর এক্সপ্রেস নামে। অন্য দিকে রেল চেপে ঢাকা সহ অন্য জেলায় যেতে জেলা বাসীদের যেতে হয় ইশ্বরদী অথবা চাটমোহর। যেখানে ঢাকা গামী মাত্র চারটি ট্রেন যাত্রাবিরতি করে। এ সব ট্রেনে পাবনার জন্য সিট বরাদ্দ মাত্র ১৫০টি।

২৪ ঘণ্টায় মাত্র একবার ট্রেন চলাচল করে- তাই দিনের বাকি সময়জুড়ে স্টেশনে শোনা যায় শুধু নিরবতা। প্ল্যাটফর্মে নেই যাত্রীদের কোলাহল,নেই পায়চারি করা প্রহরীদের ব্যস্ততা। আর স্টেশন ভবনের কক্ষগুলোতে ঝুলছে ভারী তালা,যেন অপেক্ষায় কোনো অজানা সকাল।

পাবনা প্রেস ক্লাব সভাপতি মো: আক্তারুজ্জামান আক্তার বলেন, পাবনার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন- ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ। আর সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে শিগগিরই- এমন আশার কথা জানালেন রেল সচিব। মোঃ ফাহিমুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়।

আশ্বাস মিলেছে রেল সচিবের- অতি দ্রুতই পাবনা থেকে চলবে রাজধানীমুখী ট্রেন, এবার অপেক্ষা বাস্তবের পথে হাঁটার।

Advertisement

Link copied!