ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় বংশী নদীতে গোসল করতে নেমে আব্দুস সালাম (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে বন্ধুদের সঙ্গে বংশী নদীতে গোসল করতে যায় আব্দুস সালাম। একপর্যায়ে নদীতে লাফ দিলে সাঁতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায়।
বৃহস্পতিবার বিকেল ২টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধামরাই ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং অধিদপ্তরের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ সময় পানির নিচে তল্লাশি চালানোর পর নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কিশোরটির মরদেহ ভেসে ওঠে। পরে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ ফায়ার সার্ভিসের বডি ব্যাগে করে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আব্দুস সালাম ধামরাই উপজেলার ইসলামপুর পঞ্চাশ এলাকার বাসিন্দা ও আব্দুস সেলিম খানের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী, পুকুর ও জলাশয়ে গোসল কিংবা সাঁতার কাটার সময় শিশু-কিশোরদের প্রতি অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :