মানিকগঞ্জে মধ্যরাতের আগুনে পুড়লো সিংগাইর বাসস্ট্যান্ডের ৪ দোকান

মোঃ হানিফ মোল্লা , মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৬:৪৭ পিএম

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে  চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার কালাচাঁন মিষ্টির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশের একটি মোবাইল রিচার্জের দোকান, একটি মুদি দোকান ও একটি কনফেকশনারি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী পুঁড়ে যায়। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

স্থানীয় বাসিন্দা মো. সাদেক বলেন, গভীর রাতে দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

তবে আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে চারটি দোকানের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

Advertisement

Link copied!