কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫২ পিএম

কুমিল্লায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর টাউনহল মাঠে কুমিল্লা-০৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলার দরিবটগ্রাম মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা নুরুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

দোয়া পূর্ববর্তী বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, "এই মুহূর্তে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বেগম জিয়াকে তারেক রহমানের পাশে প্রয়োজন। তিনি জনগণের নেতা—তাই জনগণই ঠিক করবে কে বিরোধী দলে থাকবে আর কে প্রধানমন্ত্রী হবে।"

তিনি আরও বলেন, "আসুন আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি। আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।"

দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও এ দোয়া মাহফিলে অংশ নেন।

Advertisement

Link copied!