মাহমুদুল হাসান, চৌহালী, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি প্রিন্ট কারখানা আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার ভোরের দিকে এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকার সেরাজুল ও বাবু মল্লিকের বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় এই ঘটনা ঘটে। এতে বিপুল সংখ্যক কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে।
খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বাদ ফজর কারখানায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
কারখানা মালিক বাবু মল্লিক প্রাথমিকভাবে ধারণা করছেন, মেশিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তার মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৬ লক্ষ টাকা হতে পারে।
এদিকে, খবর পেয়ে জাতীয় তাঁতী সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুস ছামাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের সাথে কথা বলেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আপনার মতামত লিখুন :