ভোলা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন হাফিজ ইব্রাহিম

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ পিএম

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন: ভোলা-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ধানের শীষ প্রতীক পেলেন বিএনপির প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।

বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হয়। এর আগে মঙ্গলবার যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা। ভোলা-২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৯৫ হাজার। এই আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপির প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে। প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান ও মো. আকবর হাওলাদার। এর আগে তিনি ধানের শীষ প্রতীকে ভোলা–২ আসন থেকে স্বৈরাচার আওয়ামী লীগের হেভিওয়েট নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে লড়ে বিপুল ভোটে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোড়ন সৃষ্টি করেন।

এইসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান জানান, ভোলা-২ আসনে "গত ১৮ বছর পর বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে হাফিজ ইব্রাহিম নির্বাচন করতে যাচ্ছেন। আগামীকাল থেকে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাব। জনগণ অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য বসে আছে। জনগণ আমাদের নেতা ভোলা-২ আসনের রূপকার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে ভালোবাসে ভোট দেবে, ইনশাআল্লাহ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ বিজয় লাভ করবে।"

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Link copied!