কেশবপুরের সব মানুষের দায়িত্ব আমার: এমপি অধ্যাপক মোক্তার আলী

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম

যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী সংসদের শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে কেশবপুরবাসীর প্রতি গভীর দায়বদ্ধতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কেশবপুরের মানুষের পাশে আজীবন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলী বলেন, "আজ থেকে কেশবপুরের সকল মানুষের দায়িত্ব আমার। কেশবপুরবাসীর পাশে থেকে সব ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ। সকলকে সঙ্গে নিয়ে কেশবপুরের সব ধরনের উন্নয়ন করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।"

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে অধ্যাপক মোক্তার আলী আরও বলেন, কেশবপুরের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত কেশবপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য ও কেশবপুর উপজেলার সাবেক আমির মাওলানা মোঃ আব্দুস সামাদ, শিবিরের সাবেক খুলনা মহানগর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে অধ্যাপক মোক্তার আলীর নির্বাচনী প্রধান এজেন্ট সাইদুর রহমান সাইদ, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক তৈবুর রহমান, কেশবপুর পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, কেশবপুর উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা শেষে এলাকাবাসীর উদ্দেশে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী পুনরায় বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার তাঁর রাজনীতির প্রধান অঙ্গীকার ও দায়িত্ব।

Link copied!