ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালানী ঔষধ উদ্ধার, এক বাংলাদেশি আটক

ইলিয়াস হোসাইন , কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী ঔষধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে ভারত গমনের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

প্রথম অভিযান:
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১-এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের সাদক কুমারের কলাবাগানে নায়েব সুবেদার মোঃ রমজান আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ২১২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযান:
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭১/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে হাবিলদার মোঃ ইছাববর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মধ্যে Eskuf, Wings Pharma এবং Triprolidine Hydrochloride ব্র্যান্ডের মাদকদ্রব্য ছিল।

তৃতীয় অভিযান:
মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর হালদারপাড়া গ্রামের মাঠ থেকে নায়েব সুবেদার শ্রী তাপস সরকারের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৮১ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৪ হাজার ৬০০ টাকা।

চতুর্থ অভিযান:
একই দিন ভোর ৫টা ৩০ মিনিটে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীরবের গ্রামের মোঃ আব্দুল মজিদের কলাবাগানের উত্তর পাশে নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত গমনের সময় প্রিয়ালাল মল্লিক (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কলিগ্রাম গ্রামের মৃত হীরালাল মল্লিকের ছেলে। আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

Link copied!