টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন ভূঞাপুরের উদ্যোগে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দারিদ্র্য দূরীকরণে যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের উপ-পরিচালক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বির রহমান।
সেমিনারে বক্তারা বলেন, ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম যাকাত শুধু একটি ধর্মীয় বাধ্যবাধকতা নয়, এটি সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষারও একটি শক্তিশালী মাধ্যম। সঠিকভাবে যাকাত সংগ্রহ ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তারা যাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সমাজের বিত্তবানদের নিয়মিত যাকাত আদায়ের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সেমিনার দারিদ্র্য বিমোচনে যাকাতের কার্যকর প্রয়োগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে যাকাত সংগ্রহ ও বিতরণে নতুন গতি সঞ্চার করবে।
আপনার মতামত লিখুন :