যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় "বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ" বিষয়ক ২ (দুই) দিন মেয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-০১) ড. গাজী মো. সাইফুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির।
প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী উপ-পরিচালক শাহাবুদ্দিন সরদার, বিভাগীয় সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সুপারভাইজার মোঃ রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিরা।
বক্তারা বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়বে। এ ধরনের প্রশিক্ষণ যুব সমাজকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কারিগরি দিক, রক্ষণাবেক্ষণ ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।
আপনার মতামত লিখুন :