মানিকগঞ্জে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে

বাদশা মিয়া , শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৪ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি ইউনিয়নের গহেরপুর এলাকায় এলজিইডি সড়কের গাছ কেটে চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ২ জন ইউপি সদস্য এবং স্থানীয় হায়াত আলী ও হালিম মৃধার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র গহেরপুর সড়কের পাশে থাকা বেশ কয়েকটি গাছ কেটে ট্রাকে করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নীরবতার সুযোগ নিয়ে গাছগুলো কেটে দ্রুত স্থান ত্যাগ করা হয়। এই সড়কের গাছগুলো সরকারিভাবে রোপণ করা হয়েছিল রাস্তার সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষার জন্য। কিন্তু রাতের আঁধারে সেগুলো কেটে নিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, "উথলি ইউনিয়নের ইউপি সদস্য মনোয়ারা বেগম, সাধন কুমার এবং স্থানীয় হায়াত আলীর নেতৃত্বে গাছ ব্যবসায়ী হালিমকে দিয়ে গাছগুলো কেটে অর্ধেকের বেশি গাছ অন্যত্র বিক্রি করা হয়। পরবর্তীতে স্থানীয়রা আসলে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। এটি সরকারি সম্পদ লুটের শামিল। প্রশাসনের নজরদারি না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে রাত্রিকালীন টহল জোরদার করা হোক।"

ইউপি সদস্য মনোয়ারা বেগম ও সাধন কুমার বলেন, "আমরা গাছ কাটার বিষয়ে কোনো ব্যক্তিকে অনুমতি দিইনি।"
গাছ ব্যবসায়ী হালিম বলেন, "২ জন ইউপি সদস্য ও হায়াত আলীর কথাতেই গাছগুলো কাটা হয়েছে।"

এ বিষয়ে হায়াত আলী বলেন, "আমার বাড়ির সামনের গাছ আমি কাউকে কাটতে বলিনি। কে বা কারা গাছ কেটে নিয়ে গেছে তা আমার জানা নেই।"

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার বলেন, " বিষয়টি আমি ইতিমধ্যে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

Link copied!