উত্তরাঞ্চলের জনপ্রিয় দুই আন্তনগর ট্রেন বরেন্দ্র এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেসে প্রথমবারের মতো শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোচ সংযোজন করা হয়েছে। ঈদের আগে এমন উদ্যোগে যাত্রীদের মাঝে স্বস্তি ও সন্তোষের আবহ তৈরি হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি প্রতিটি ট্রেনে একটি করে এসি কোচ যুক্ত করা হয়। বর্তমানে এসব কোচের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। দীর্ঘদিন ধরে এই রুটে এসি সুবিধা না থাকায় অনেক যাত্রী, বিশেষ করে উচ্চ আয়ের শ্রেণির মানুষ, রেলভ্রমণে আগ্রহ হারাচ্ছিলেন। নতুন সংযোজন সেই শূন্যতা পূরণ করবে বলে আশা সংশ্লিষ্টদের।
চিলাহাটি থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী ট্রেন দুটি ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর জংশন, জয়পুরহাট, সান্তাহার জংশন, নাটোর ও আবদুলপুর জংশনসহ গুরুত্বপূর্ণ স্টেশন অতিক্রম করে। প্রতিদিন সকাল ও বিকালে চলাচলকারী এই ট্রেন দুটি উত্তরাঞ্চলের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের অন্যতম ভরসা।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নূর মোহাম্মদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা দুটি এসি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় ভারী মেরামতের মাধ্যমে আধুনিকায়ন করা হয়েছে। পরে তা ট্রাফিক বিভাগে হস্তান্তর করে সংশ্লিষ্ট ট্রেনে সংযুক্ত করা হয়।
তিনি জানান, প্রতিটি কোচে রাত্রিকালীন শয়ন সুবিধা রয়েছে ২৪টি এবং দিবাকালীন আসনসংখ্যা ৪৮টি। এতে গরম মৌসুমে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন।
নীলফামারী স্টেশন মাস্টার ময়নুল ইসলাম বলেন, ঈদের আগেই এসি কোচে যাত্রীচাপ বাড়বে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ উত্তরাঞ্চলের রেলসেবায় নতুন মাত্রা যোগ করবে বলেও মন্তব্য করেন তিনি।
রেলওয়ের এই পদক্ষেপকে যাত্রীরা সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :