কেশবপুরে নবনির্বাচিত এমপি’র দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৯ পিএম

কেশবপুর থানা প্রশাসনের আয়োজনে থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে যশোর–৬ কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কেশবপুর থানা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী বলেন, কেশবপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বিশেষভাবে মাদক ব্যবসা নির্মূল, সন্ত্রাসী কার্যক্রম দমন, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ এবং দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, কেশবপুর থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যরা জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল ও সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে কেশবপুর থানাকে একটি জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা রিজাউল ইসলাম, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান, উপজেলা শাখার পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং কেশবপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

Link copied!