শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ১৬৭, কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসছেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি। তাঁর এই সফরকে ঘিরে ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল সাড়ে ৭টায় ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ১০টায় ভৈরব রেলওয়ে স্টেশন পৌর কবরস্থানে শহিদ আশিকের কবর জিয়ারতের মাধ্যমে সফরসূচি শুরু করবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় দ্রব্যমূল্য মনিটরিংয়ের লক্ষ্যে ভৈরব বাজার পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। পরে দুপুর ২টায় কমলপুরে প্রতিমন্ত্রীর বাংলোতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেল ৫টায় চন্ডিবের জুবাইদা ওয়াজেদ শিশু সদনের (এতিমখানা) আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ শেষে কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি এলাকায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
পরদিন শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল ৯টায় ছয়সূতী ইউনিয়নের মাধবদী মধ্যপাড়ায় শহিদ বিল্লালের কবর জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ৯টায় বড় ছয়সূতী কবরস্থানে শহিদ রেফায়েত উল্লাহ এবং সকাল ১০টায় আগরপুর বাগপাড়ায় শহিদ হাসান আলীর কবর জিয়ারত করবেন। সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। পরে দুপুর ১টায় দ্রব্যমূল্য মনিটরিংয়ের লক্ষ্যে কুলিয়ারচর বাজার পরিদর্শন করবেন। দুপুর ২টায় বেতিয়ারকান্দি এলাকায় প্রতিমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেল ৫টায় জামিয়া ছিদ্দিকীয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রতিমন্ত্রী। ইফতার শেষে তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন।
প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, প্রতিমন্ত্রীর এই সফরের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :