কিশোরগঞ্জে ‘নোঙর’ বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৪ পিএম

জামাল উদ্দিন, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে নোঙর কিশোরগঞ্জ বন্ধু সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জ শহরের আলমগীর সিটিতে অবস্থিত জল তরঙ রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের প্রায় শতাধিক সদস্য ও বন্ধু মহল উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশ।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেওয়া, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানা যায়, নোঙর কিশোরগঞ্জ সংগঠনটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সুশৃঙ্খলতা, স্বচ্ছতা ও পারস্পরিক সম্মানবোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন শাকিল আহমেদ নাদভী। এছাড়া সহ-সমন্বয়ক হিসেবে আরও ছয়জন দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিশেষ সহযোগিতা করেন সংগঠনের সাবেক প্রধান সমন্বয়ক নূর আহাম্মদ পলাশ।

Advertisement

Link copied!