ফরিদপুরের সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমি লিজ ও দখল দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল।
একপর্যায়ে শুক্রবার রাত ৯টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এলাকার পরিবেশ এখন শান্ত। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :