নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সব প্রার্থীই ফেল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৯ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চার ইউনিয়নে গ্রাম পুলিশে মহল্লাদার নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ প্রার্থীই অকৃতকার্য হয়েছেন। লিখিত পরীক্ষায় তাদের কেউই শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। এ কারণে তারা সবাই বাদ পড়েছেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বুধবার সকালে সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়ার তিরনইহাট, তেঁতুলিয়া সদর, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের জন্য পাঁচটি মহল্লাদার পদে গ্রাম পুলিশ সদস্য নিয়োগের কার্যক্রম শুরু হয়। এ পদে অংশগ্রহণকারীদের ন্যূনতম যোগ্যতা ছিলো অষ্টম শ্রেণি। নিয়োগ পেতে আগ্রহী ৩৮ জন আবেদন করেছিলেন। পরীক্ষার শুরুতে তাদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। পরে মেধা যাচাইয়ের অংশ হিসেবে প্রার্থীদের জাতীয় সংগীত লিখতে দেওয়া হয়। এ জন্য সময় নির্ধারণ করা হয় ১৫ মিনিট। তবে এই সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। এ কারণে সব প্রার্থীই বাদ পড়েন।

নিয়োগ বাছাই কমিটিতে তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।

নিয়োগ কমিটির সভাপতি ও তেঁতুলিয়ার ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, ‘শারীরিক যোগ্যতা যাচাই শেষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের মেধা যাচাই করা হচ্ছিলো। এতে দেখা গেছে, কোনো প্রার্থীই আমাদের জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। জাতীয় সংগীতের মতো মৌলিক বিষয়ে প্রার্থীদের অজ্ঞতা উপস্থিত কর্মকর্তাদের হতবাক করেছে।’ দ্রুত সময়ে পুনরায় ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

Advertisement

Link copied!