মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এক প্রবাসীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন পারভেজ তালুকদার (৪০) নামে এক ফ্রান্স প্রবাসীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত আবুল তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার ৩টি কাঠ ও টিন নির্মিত বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের কাঠ, টিনসহ ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল আংশিকভাবে পুড়ে যায়। এতে প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান,জৈনসারে অগ্নিকাণ্ডের ঘটনা আমি অবগত আছি ইতিমধ্যে ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে,তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :