শিবালয়ে ভূমি কর্মকর্তা রাজা মোল্লার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

বাদশা মিয়া , শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৩৩ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাজা মোল্লার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, জমি সংক্রান্ত সেবা দিতে গিয়ে তিনি নিয়মিত অনৈতিক অর্থ দাবি করেন এবং সাধারণ মানুষকে চরম হয়রানির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, নামজারি (মিউটেশন), নাম প্রস্তাব, মিস কেস এবং খাজনা দাখিলসহ ভূমি সংক্রান্ত প্রায় প্রতিটি কাজেই সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করেন এই কর্মকর্তা। অভিযোগ রয়েছে, জমির বাজারমূল্য ও গুরুত্ব বুঝে তিনি ঘুষের অংক নির্ধারণ করেন। দাবি করা টাকা না দিলে কাজ ঝুলিয়ে রাখা কিংবা নথিতে তুচ্ছ অজুহাত দেখিয়ে ফাইল ফেরত দেওয়া তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও উলাইল ভূমি অফিসে তাদের মাসের পর মাস ঘুরতে হচ্ছে। কেউ কেউ অভিযোগ করেছেন, অনৈতিকভাবে টাকা দেওয়ার পরও নির্ধারিত সময়ে তারা নামজারি বা খারিজের কাজ সম্পন্ন করতে পারছেন না। এতে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি তীব্র মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন।

একাধিক জমির মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার পরও কাজ হয় না। রাজা মোল্লাকে অতিরিক্ত টাকা না দিলে ফাইলের চাকা ঘোরে না। টাকা দিতে দেরি হলে তিনি নানা আইনি জটিলতার ভয় দেখান।”

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা রাজা মোল্লার বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম জানান, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সেবাগ্রহীতারা যদি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লিখিত অভিযোগ করেন, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভূমি অফিসের এই অনিয়ম ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Advertisement

Link copied!