সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্যামলীপাড়া কালীবাড়ী এলাকা থেকে পাটবন্দর পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ মিটার ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খাঁন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে উপজেলায় মোট ৩ হাজার ২০০ মিটার ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৭০০ মিটার ড্রেনের কাজ শুরু হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই শ্যামলীপাড়া, কালীবাড়ী, পাটবন্দরসহ আশপাশের এলাকায় হাঁটুসমান পানি জমে থাকত। এতে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির বাসিন্দারা চরম দুর্ভোগে পড়তেন। দ্রুত ও মানসম্মতভাবে ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে এ ভোগান্তি থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ, উল্লাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, উল্লাপাড়ার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ড্রেন নির্মাণ সম্পন্ন হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।
সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, আধুনিক প্রযুক্তি ও টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার করে ড্রেন নির্মাণ করা হবে, যাতে দীর্ঘমেয়াদে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর থাকে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও রাখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ বলেন, প্রকল্পের কাজ তদারকিতে কঠোর নজরদারি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :