মানিকগঞ্জের সিংগাইরে গ্রাম্য সালিশের নামে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। টিউবওয়েল চুরির অভিযোগ এনে এক সিএনজি চালককে প্রকাশ্যে জুতাপেটা ও মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। ভুক্তভোগী সিএনজি চালকের মা ও ফুফাতো ভাইকেও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেছে এবং পুলিশ তিন জনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর এলাকায়। ভুক্তভোগী মো. রাকিব (২৪) স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চান্দহর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি সালিশে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান স্থানীয় মাতবর ভান্ডারীর ছেলে রতনসহ আরও কয়েকজন। সেখানে তার বিরুদ্ধে টিউবওয়েল চুরির অভিযোগ আনা হয়। ভুক্তভোগী সিএনজি চালক অভিযোগ অস্বীকার করলেও উপস্থিত মেম্বার দ্বীন ইসলামসহ কয়েকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ৫০টি জুতাপেটা করা হয়। একপর্যায়ে বিচারকেরা তার মুখের দাড়ি কেটে ফেলার অনুমতি দেন। এ সময় ভুক্তভোগী দাড়িতে হাত লাগাতে অসম্মতি জানালে, বিচারকেরা রেগে গিয়ে জোরপূর্বক তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৯ জনের নাম উল্লেখ করে পুলিশ মামলা গ্রহণ করেছে।
এই ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামলার নথিভুক্ত আসামি তিন জনকে আটক করে সিংগাইর থানা পুলিশ।
এই বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এস.আই ফজলুল হক প্রতিদিনের কাগজকে জানান, এই মামলার তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের গ্রাম্য সালিশের নামে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
আপনার মতামত লিখুন :