ভাঙ্গা উপজেলায় এ বছর বাঙ্গী চাষে বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও অতিরিক্ত জমিতে চাষাবাদ হওয়ায় উৎপাদন বেড়েছে দ্বিগুণ। হাটবাজারে ন্যায্য দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সূত্রে জানা যায়, এ বছর চলতি মৌসুমে ভাঙ্গায় ৫৫ হেক্টর জমিতে বাঙ্গী চাষ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩০ হেক্টর। অর্থাৎ প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ জমিতে চাষাবাদ করা হয়েছে। বিশেষ করে চুমুরদী ইউনিয়ন মহাসড়কের দুই পাশে বিস্তীর্ণ মাঠজুড়ে বাঙ্গী চাষের জমি সবার নজর কাড়ছে।
বরিশাল থেকে বাঙ্গী কিনতে আসা ব্যবসায়ী মজনু মিয়া জানান, তার এলাকায় বাঙ্গীর ব্যাপক চাহিদা রয়েছে। ভাঙ্গা থেকে বাঙ্গী সংগ্রহ করে বিক্রি করে তিনি ইতিমধ্যে অনেক মুনাফা অর্জন করেছেন। এখানকার বাঙ্গীর স্বাদ ও মান ভালো হওয়ায় বাজারে দ্রুত বিক্রি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, রমজান মাস সামনে রেখে কৃষকরা পরিকল্পিতভাবে বাঙ্গী চাষ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতি, ক্ষতিকর রোগাক্রান্ত ও জাব পোকার আক্রমণ প্রতিরোধে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে দিকনির্দেশনা ও সহযোগিতা করছেন।
সব মিলিয়ে পরিবেশ অনুকূল আবহাওয়া, কৃষি বিভাগের সহায়তা ও বাজারে চাহিদা থাকায় এ বছর ভাঙ্গায় বাঙ্গী চাষে ব্যাপক সাফল্য এসেছে।
আপনার মতামত লিখুন :