শ্রীমঙ্গলে দূষণের শিকল ভাঙতে এমপির পরিচ্ছন্নতা অভিযান শুরু

তাপস দাশ , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৬ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রূপসপুর জোড়াপুল ও বালুচর এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে ভুরভুরিয়া ছড়া, যা একটি প্রাকৃতিক জলধারা, থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে ছড়াটির নিচে জমে থাকা আবর্জনায় স্বাভাবিক পানিপ্রবাহ প্রায় বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। জলাবদ্ধতা ও পরিবেশদূষণের ঝুঁকি কমাতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়।

"এমপি মো. মুজিবুর রহমান চৌধুরীর উদ্যোগে উপজেলাধীন প্রবাহমান খালে জমাকৃত প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান" শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও শ্রীমঙ্গল পৌরসভা।

অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, "পরিচ্ছন্নতা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং উদ্যোগ। প্রশাসন ও জনগণের সমর্থন থাকায় এটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণই তাঁর মূল শক্তি ও সাহসের উৎস উল্লেখ করে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলাই উন্নত দেশের ভিত্তি। এমপি নির্বাচিত হওয়ার পর এটিকে তিনি প্রথম অগ্রাধিকারমূলক কাজ হিসেবে বিবেচনা করছেন।"

তিনি আরও বলেন, "শুধু একটি ছড়া নয়, শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড়ি ছড়া ও আশপাশের কৃষিজমি থেকেও প্লাস্টিক বর্জ্য অপসারণ জরুরি। এসব বর্জ্য শেষ পর্যন্ত পাহাড়ি ছড়ার প্রবাহ ধরে হাইল হয়ে হাইল হাওরে গিয়ে জমা হয়। এতে ধীরে ধীরে হাওরের প্রাণপ্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশগত ঝুঁকি রেড অ্যালার্টের দিকে ধাবিত হচ্ছে।"

খাল খনন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার কথা জানিয়ে তিনি বলেন, "সাধারণ মানুষের চলাচল ও স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোনো বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে তা অতিক্রম করা হবে। পাশাপাশি তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্লাস্টিক ব্যবহার কমানো ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও সমন্বয়ের মাধ্যমে ছড়ার রক্ষণাবেক্ষণ জোরদার করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা ময়লার ভাগাড় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি বলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভাকে নিয়ে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ে সেসব ভাগাড় অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন, সামাজিক কাজে নানা জটিলতা ও প্রতিবন্ধকতা থাকতে পারে। তবে জনগণ পাশে থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব।

অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ছড়া থেকে প্লাস্টিক ও জমে থাকা ময়লা অপসারণ করেন। আয়োজকেরা জানান, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Link copied!