পঞ্চগড়ে নদীভাঙন রোধে ৩১ কিমি তীর সংরক্ষণ কাজ করবে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আকতারুজ্জামান , দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪২ পিএম

পঞ্চগড়ের করতোয়া নদীতে নদীভাঙন রোধে ৩১ কিলোমিটার এলাকাজুড়ে ব্লক স্থাপনের মাধ্যমে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করবে সরকার। এ তথ্য জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার বিকেল ৩টায় দেবীগঞ্জ পৌর শহরের ডিসি পার্ক এলাকা থেকে ময়নামতি চর সংলগ্ন নদীতীর পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় নদীভাঙনের কারণে বহু বাড়িঘর ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকা সুরক্ষায় নদীতীরে ব্লক স্থাপন করে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ কিলোমিটার নদী খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান সরকারও নদী ও খাল ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা জোরদারে কাজ করছে।

প্রতিমন্ত্রী ময়নামতি চরকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। নদীভাঙন থেকে চরাঞ্চল রক্ষা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। আগামী জুনের মধ্যেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, মো. তোবারক হ্যাপী, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

Link copied!