কেন্দুয়া উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ময়মনসিংহে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে শিক্ষক, রাজনীতিবিদ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, স্মৃতিচারণা ও ভ্রাতৃত্ববোধের আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ। ময়মনসিংহস্থ কেন্দুয়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. হাবিবুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবিএম বদরুজ্জাহান মানিক আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আজাদ বলেন, “আজকের এই আয়োজন আমাকে আমার ছাত্রজীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। একসময় আমরাও স্বপ্ন, সংগ্রাম আর সীমিত সামর্থ্য নিয়ে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কেন্দুয়া উপজেলা কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আশ্রয়—আমাদের পরিবারের সম্প্রসারিত রূপ।”
অনুষ্ঠানে কেন্দুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর এমরান খান মুছাও উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বলেন, উপজেলা সমিতির এই বন্ধনই তাদের আজও একসূত্রে গেঁথে রেখেছে। কেউ কেউ বর্তমান শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, “কেন্দুয়া উপজেলার তিন শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্তমানে ময়মনসিংহে বসবাস করছেন। এখানে এসে সবাই যেন নিজের একটি পরিবারের মতো পরিবেশ খুঁজে পায়—এটাই আমাদের লক্ষ্য। সাবেক ও বর্তমানদের এই মিলনমেলা আমাদের সংগঠনের শক্তি ও ঐতিহ্যের প্রমাণ।”
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সমিতির সার্বিক মঙ্গল কামনা করা হয়। ইফতার ও নৈশভোজের মধ্য দিয়ে আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :