অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ সুমন মিয়া , ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ০৪:৩৯ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে মো. লেবু মিয়া নামের এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোপন সূত্রে জানা যায়, ওসমানপুর বাজারে মাংস বিক্রেতা মো. লেবু মিয়া অসুস্থ গরু জবাই করে সেই মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বাজারে বিক্রি হতে দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Link copied!