গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে এবং পেশাগত ঐক্য জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই সাংবাদিকতার মূল লক্ষ্য। তাই কোনো ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
রোববার (৮ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটে গাজীপুরের জয়দেবপুরে হাবিবুল্লাহ স্মরণী রোডের ইকবাল কুটিরে গাজীপুর সাংবাদিক ইউনিটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দেশের স্বার্থে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানই গণমাধ্যমকে শক্তিশালী করবে এবং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লাবিব উদ্দিন সিদ্দিকী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. রফিজ উদ্দিন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল গাজীপুর মহানগরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. শামীম সিদ্দিক প্রধান, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, দৈনিক কণ্ঠবাণীর সম্পাদক ও প্রকাশক মো. জানে-এ-আলম, গাজীপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মো. আবিদ হোসেন বুলবুল এবং গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজীত হোসেন।
গাজীপুর সাংবাদিক ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মো. আখতার হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাইউল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আবু সালেক ভূইয়া, এশিয়ান গাজীপুর প্রতিনিধি মোবারক হোসেন রনিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :