তারাকান্দায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রামজুড়ে চাঞ্চল্য

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৩ বছর ৩ মাস বয়সী এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মো: রুবেল মিয়া বাদী হয়ে ৯ মার্চ (সোমবার) তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় উপজেলার উলামাকান্দি (চক্রবাড়ী) গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো: নয়ন মিয়া (৫২), তিনি একই গ্রামের মো: জসিম উদ্দিনের ছেলে। নয়ন মিয়া সম্পর্কে বাদীর প্রতিবেশী জেঠাতো ভাই।

বাদী অভিযোগে উল্লেখ করেন, ঘটনার সময় তার শিশুকন্যা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে শিশুটিকে খুঁজে না পেয়ে তার মা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় এক প্রত্যক্ষদর্শী জানান যে, নয়ন মিয়া শিশুটিকে ডেকে তার ঘরে নিয়ে গেছেন।

পরিবারের সদস্যরা নয়ন মিয়ার ঘরের দরজায় ধাক্কা দিলেও তিনি দরজা খোলেননি। পরবর্তীতে অভিযুক্তের মাকে ডেকে আনা হলে, মায়ের ডাকে নয়ন মিয়া দরজা খুলেই দৌড়ে পালিয়ে যান। এরপর ঘরে প্রবেশ করে বিছানার কম্বলের নিচ থেকে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন তার মা-বাবা।

অভিযোগে আরও বলা হয়েছে, নয়ন মিয়া দীর্ঘ ১৪ বছর আগে স্ত্রীকে তালাক দেওয়ার পর থেকে একাকী বসবাস করছিলেন। তিনি শিশুটির ওপর যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে তাকে জোরপূর্বক ঘরে নিয়ে গিয়েছিলেন বলে বাদীর দাবি। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত নয়ন মিয়া পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Advertisement

Link copied!