শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৪৪ পিএম

এস কে সিরাজ, শ্যামনগর: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উদযাপিত হয়েছে ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা দিবস-২০২৬। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসের সূচনায় সকাল ৮টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে শ্যামনগর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ইউনিট, উপজেলা প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে শ্যামনগর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে স্মৃতিসৌধে মাল্য অর্পণ করেন।

এরপর বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মাল্যদান করা হয় এবং বীর শহীদদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংসদ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

পরে শ্যামনগর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর শ্যামনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপজেলা প্রশাসন ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। পরে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এরপর শুরু হয় কুচকাওয়াজ প্রদর্শনী। এতে অংশগ্রহণ করে শ্যামনগর থানা পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনী, ফায়ার সার্ভিস ইউনিট এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। ২৬ মার্চের প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর জাতি স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার ৫৬ বছরের পথচলায় দেশ নানা চ্যালেঞ্জ অতিক্রম করেছে। ২০২৪ সালের আগস্টে সংঘটিত স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ সময় তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রাখা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!