নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আব্দুল্লাহ আল মামুন , নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৫০ পিএম

নওগাঁর নিয়ামতপুরে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ৬টা ০৩ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর নিয়ামতপুর বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোসা. মুর্শিদা খাতুনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মোসা. মুর্শিদা খাতুন নিয়ামতপুর বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মাঠে উপস্থিত কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিবাদন গ্রহণ করা হয়। শেষে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন তোতা ও কানইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. সুরাইয়া পারভীনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. মুর্শিদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ শফিকুল ইসলামসহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কুচকাওয়াজে তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডেমীসহ উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পিটিতে তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডেমী প্রথম স্থান এবং ডিসপ্লেতে দ্বিতীয় স্থান অধিকার করে।

অন্যান্য রাজনৈতিক দলের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করে। ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Link copied!