ফুলবাড়ীতে বীর সন্তানদের সংবর্ধনা ও বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস পালন

জাকির হোসেন , ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৫:১৬ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আজ ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়।

দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা গণমাধ্যমকর্মীসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের মূল কার্যক্রম শুরু হয়। এরপর সেখানে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।


শিক্ষার্থীদের এই শৃঙ্খলাবদ্ধ ও চিত্তাকর্ষক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া দিবসটি উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসের দ্বিতীয় ভাগে দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও গৌরবগাথা তুলে ধরেন এবং স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদর হাসান নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিন এবং ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমান্ডার মজিবর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সার্বিকভাবে বর্ণাঢ্য সব কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবসটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

Link copied!