মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা, শিশুসহ আহত ৩

মধুখালী উপজেলার চর-গোমারা গ্রামে পৈত্রিক সম্পত্তির ওপর নির্মিত রান্নাঘর ও নতুন দেওয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বাগাট ইউনিয়নের চর-গোমারা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শফিক শেখ (৫০) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শফিক শেখ তার পৈত্রিক সম্পত্তিতে দেওয়াল নির্মাণের কাজ করাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে ১০-১২ জন স্থানীয় ও বহিরাগত লোক এসে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। একপর্যায়ে রেজাউল শেখ, হাবিব শেখ, কাশেম শেখ, হাসান শেখ, ওহাব শেখ, কাদের শেখসহ আরও কয়েকজন কুড়াল, দা, রড ও লাঠিসোঁটা নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে নতুন ইটের দেওয়াল ও রান্নাঘর ভেঙে ফেলে।

অভিযোগকারী শফিক শেখের ছেলে তরিকুল ইসলাম শান্ত জানান, মঙ্গলবার দুপুরে তাদের রান্নাঘর ও নতুন দেওয়াল ভাঙচুর করার পরদিন বুধবার সকালে তাদের পক্ষে থাকা প্রতিবেশীদের বাড়িতেও হামলা চালানো হয়। এই হামলায় ছোট বাচ্চাসহ দুজন মহিলা আহত হন।

স্থানীয়রা জানান, সবাই মিলে ব্যক্তিগত জায়গার ওপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল। তবে এখন শফিক শেখ রাস্তার জন্য জায়গা দিতে রাজি নন।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। যে অফিসার ঘটনাস্থলে গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

Link copied!