রাঙামাটির পর এবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত দুজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডোমার থেকে দিনাজপুরগামী গেটলক শাহী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই অধিকাংশ যাত্রী ঘটনাস্থল ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে চলে যান।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, এ ঘটনায় দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকসংখ্যক আহতের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয় বলে দাবি করেন তিনি।
এর আগে একই দিন সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :