ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সৌখিন পরিবহন নামের একটি বাস সার্ভিসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০০ টাকার নির্ধারিত ভাড়া ৮০০ টাকা করে আদায়ের সত্যতা পাওয়ায় শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান ও মো. রাশিক খান শুষান। টার্মিনালে উপস্থিত যাত্রীরা জানান, ঢাকা-ময়মনসিংহ রুটে সৌখিন পরিবহনের সাধারণ ভাড়া ২০০ টাকা এবং গাজীপুর পর্যন্ত ১৫০ টাকা। কিন্তু শুক্রবার বিকেল থেকে চালক ও সহকারীরা জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৮০০ টাকা করে ভাড়া দাবি করেন। এমনকি, ত্রিশাল বা ভালুকার মতো স্বল্প দূরত্বের যাত্রীদের কাছ থেকেও জোরপূর্বক ৮০০ টাকা আদায় করা হচ্ছিল। এ নিয়ে বাস শ্রমিক ও সাধারণ যাত্রীদের মধ্যে দফায় দফায় বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।
অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিকেলে মাসকান্দা টার্মিনালে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা মেলায় সৌখিন পরিবহনের দুটি বাসকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। অভিযোগের সত্যতা পাওয়ায় দুটি বাসকে জরিমানা করা হয়েছে। বর্তমানে টার্মিনালে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন নিশ্চিত করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :