ত্রিশালে চাল ব্যবসায়ী হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ০১:২৮ এএম

ময়মনসিংহের ত্রিশালে সংঘটিত চাঞ্চল্যকর চাল ব্যবসায়ী হত্যা মামলার এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামীর নাম তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭)। তিনি ত্রিশাল উপজেলার আমিরাবাডি (সাইনবোর্ড) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুর রশিদ আকন্দ এবং মাতা হোসনেয়ারা বেগম।

পুলিশ জানায়, গত ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দুই দিন আগে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে ত্রিশাল থানার সাউথ কান্দা এলাকায় “ভাই ভাই এন্টারপ্রাইজ” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা চাল ব্যবসায়ী শ্রী সুসেন চন্দ্র সরকার (৬০)-কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর ক্রাইম সিন থেকে একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। ওই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধনের তথ্যের সূত্র ধরে ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামী শনাক্ত করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ ২০২৬ রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার বটতলা এলাকা থেকে তাবারক হোসেন আকন্দ কামালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। ঘটনার সময় তিনি অন্যান্য আসামীদের সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা নং- ০৮(০২)২৬, ধারা ৪৪৮/৩০২/৩৮০/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Link copied!