মোঃ আব্দুল মান্নান, ফুলপুর: ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ১৯ হাজার ৫শ লিটার ডিজেল ও ৪ হাজার ৫শ লিটার পেট্রোলসহ মোট ২৪ হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে কাড়াহা মোড় সংলগ্ন পপি ট্রেডার্স নামে একটি মিনি ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।
এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম সাথে ছিলেন। অভিযানে ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান তার টিম নিয়ে সহযোগিতা করেন।
জানা যায়, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান বিগত একমাস আগে জ্বালানিগুলো মজুদ করে তার মিনি ফিলিং স্টেশনটি পুরোপুরিভাবে বন্ধ রাখেন। এতে ভোক্তারা চরম দুর্ভোগের শিকার হন।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত জ্বালানিগুলো শনিবার রাত ৯টার দিকে উত্তরা ফিলিং স্টেশনের মাধ্যমে জনস্বার্থে বিক্রি করা হবে।
আপনার মতামত লিখুন :