জামালপুর শহরে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের মাঝে তেল বিক্রি না করার অভিযোগে মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জামালপুর শহরের পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুঁই এন্টারপ্রাইজে এই জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।
প্রশাসন সূত্রে জানা গেছে, বাইকাররা তেলের জন্য মেসার্স জুঁই এন্টারপ্রাইজের সামনে সকাল থেকেই ভিড় জমান। তাদের জানানো হয় যে, কোনো তেল নেই। এ খবর পাওয়ার পর সত্যতা যাচাইয়ের জন্য জুঁই এন্টারপ্রাইজে যান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ। সরেজমিনে পরিদর্শন শেষে ১২টি ড্রামে তারা প্রায় ২৫০০ লিটার পেট্রোল মজুদ পান। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় জুঁই এন্টারপ্রাইজকে।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রি না করার অপরাধে মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মজুদকৃত ড্রাম থেকে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিতরণ শুরু হয়।
আপনার মতামত লিখুন :