ভাঙায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১০

মোঃ জাকির হোসেন মুন্সি , ভাংগা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ০৫:৫৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের ১০ জন লোক আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার সময় তুজারপুর গ্রামের ওবায়দুল মাতুব্বরের সঙ্গে বাকি মাতুব্বরের লোকজনের সংঘর্ষ হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তুজারপুর গ্রামের রফিক মাতুব্বরের পুত্র ওবায়দুর কানাডা যাওয়ার জন্য নুরুউদ্দিন মাতুব্বরের পুত্র বাকি মাতুব্বরের নিকট টাকা জমা দেন। বাকি মাতুব্বর তাঁকে বিদেশে নিতে না পারায় দীর্ঘ দিন ধরে ঘোরাতে থাকেন। পরে ওবায়দুর বাকি'র কাছে টাকা ফেরত চাইলে মঙ্গলবার রাত ৮টার দিকে পাওনা টাকা নিয়ে ওবায়দুল ও বাকি মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি এবং পরে মারামারির ঘটনা ঘটে।

খবর পেয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র রামদা, কাতরা, ট্যাটা, ইট-পাটকেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে কয়েকজন লোক আহত হন এবং দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!