পুলিশি পাহারায় নারী নিয়ে রাত কাটাতে চেয়ে ঈশ্বরদীতে ভূয়া জজ আটক

জামিলুর রহমান , ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ০৮:০২ পিএম

পাবনার ঈশ্বরদীতে নিজেকে জেলা সহকারী জজ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি একজন নারীসহ ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি নিজেকে যশোর জেলা আদালতের 'সহকারী জজ' হিসেবে পরিচয় দেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি পাহারায় রাতযাপনের সহযোগিতা চান। তবে তার কথাবার্তা ও চালচলনে অসংলগ্নতা ধরা পড়লে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়।

সন্দেহ দূর করতে পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে। সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, উক্ত নামে কোনো বিচারক যশোর আদালতে কর্মরত নেই। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পূর্বে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন, তবে নৈতিক স্খলনজনিত কারণে তিনি চাকরি হারান।

থানা সূত্রে আরও জানা গেছে, পরিচয় যাচাইয়ের সময় পরিস্থিতি বেগতিক দেখে ওই ব্যক্তির সঙ্গে আসা নারী কৌশলে থানা চত্বর ত্যাগ করেন। পুলিশ তাকেও শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে ওই ব্যক্তি থানায় এসেছিলেন। প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে আটক করে হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Link copied!