সোনারগাঁয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীর জোরপূর্বক সাবেক স্বামীর ঘরে অবস্থান

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী কর্তৃক সাবেক স্বামীর ঘরে জোরপূর্বক অবস্থান নেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী স্বামী জামাল শিকদার ওই গ্রামের নুরুল শিকদারের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল শিকদারের স্ত্রী ফারজানা আক্তার সুমি ইতিপূর্বেও একাধিকবার পরকীয়া প্রেমে আসক্ত হয়ে ঘর ছেড়েছিলেন। সর্বশেষ তিনি স্বামী জামাল শিকদারকে ডিভোর্স দিয়ে তার পরকীয়া প্রেমিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয় বিয়ের কিছুদিন পার হতেই গত ৩১ মার্চ রাতে তিনি হঠাৎ করে প্রথম স্বামী জামালের বাড়িতে উপস্থিত হন এবং জোরপূর্বক একটি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

পরিস্থিতি বেগতিক দেখে জামাল শিকদার ও তার পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ফারজানা আক্তার সুমি ঘর থেকে বের হতে অস্বীকৃতি জানান। রাত গভীর হওয়ায় স্থানীয়দের অনুরোধে পুলিশ সকালে বিষয়টি মীমাংসার কথা বলে ফিরে যায়। তবে ১ এপ্রিল সকাল আটটা পর্যন্ত তিনি ঘর থেকে বের না হওয়ায়, জামাল শিকদার স্থানীয় মহিলাদের সহায়তায় ঘরের তালা ভেঙে তাকে বের করে দেন।

জামাল শিকদার গণমাধ্যমকে বলেন, "সুমি বারবার পরকীয়া করে ধরা পড়েছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাকে বারবার ক্ষমা করেছি, কিন্তু সে শুধরায়নি। শেষ পর্যন্ত সে আমাকে তালাক দিয়ে তার প্রেমিককে বিয়ে করে। এখন সে অবৈধভাবে আমার বাড়িতে ঢুকে আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।"

তিনি আরও অভিযোগ করেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে সুমি তার ওপর জুলুম করার চেষ্টা করছেন। তিনি এই অন্যায়ের বিরুদ্ধে সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।

বর্তমানে ওই এলাকায় এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলেও জানা গেছে।

Link copied!