কেশবপুরে ভেজাল দুধ কারখানায় অভিযান: ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০৫:৩৯ পিএম

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামের ঘোষপাড়ায় ভেজাল দুধ উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৬ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে গরুর দুধে জেলি, তেল, সোডাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কৃত্রিম দুধ উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ ঘটনায় নকুল চন্দ্র ঘোষের ছেলে গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা এবং অনাথ ঘোষের ছেলে অপু ঘোষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরি করে বাজারজাত করছিল। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Advertisement

Link copied!